পুজোয় ‘গুমনামী’র সঙ্গে টক্কর মিতিন মাসির

সঙ্গে দেব-জিৎ, আবির-পরমব্রতর লড়াইও জমবে

পুজো মানেই সেয়ানে সেয়ানে টক্কর টলিউডের নামি পরিচালক-অভিনেতাদের। কখনো দেব-জিৎ-প্রসেনজিৎ-যিশু, আবার কখনো সৃজিত-কৌশিক গঙ্গোপাধ্যায়। পুজোয় একাধিক বাংলা ছবির রিলিজ ঘিরে প্রতিযোগিতা হবেই। এবারেও টক্কর নিতে হাজির সৃজিত মুখোপাধ্যায় আর অরিন্দম শীল। অন্যভাবে বললে, পুজোয় ‘গুমনামী’-র সঙ্গে কড়া লড়াই মিতিনমাসির। 

সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিকে বড়ো পর্দায় আনতে চলেছেন অরিন্দম শীল। মিতিন মাসি চরিত্রে অভিনয় করবেন কোয়েল মল্লিক। ছবির নাম ‘হাতে মাত্র তিন দিন’। ছবিতে অভিনয় করছেন বিনয় পাঠকও। এর আগে মিতিন মাসি পরিচালনার ইচ্ছে প্রকাশ করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু, আপাতত কাজের চাপ থাকায় তিনি মিতিন মাসিকে নিয়ে ছবির পরিচালনায় হাত দিতে পারছেন না। শোনা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায়ও নাকি মিতিন মাসিকে নিয়ে ছবি করতে উৎসাহী। সেক্ষেত্রে ব্যোমকেশের মতো মিতিন মাসিকে নিয়েও একাধিক পরিচালকের টানাটানি দেখা যেতেই পারে। তবে, প্রথম রাতে বিড়াল মারলেন অরিন্দমই। ‘শুভ মহরত’-এর পর ফের বড়োপর্দায় মহিলা গোয়েন্দাকে দেখবেন বাঙালি দর্শক।

এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’-র মহরত হয়ে গেল সোমবার। শোনা যাচ্ছে, নেতাজি অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে ছবিটি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই চর্চা ঘন হয়েছে ‘গুমনামী’কে ঘিরে। প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। 

এই দুটি মেগা ছবির পাশাপাশি পুজোয় আসবে দেব-পরমব্রত এবং জিৎ-আবির জুটির ছবিও। দর্শকদের জন্য বাছাইটা খুব সহজ হবে না, বলাই বাহুল্য।

Developed by DXDasia