প্রয়াত মার্কিন গায়ক-অভিনেতা গ্লেন ক্যাম্পবেল

এলভিস প্রিসলি, ডিন মার্টিন ও ফ্রাঙ্ক সিনাত্রা সহ বিভিন্ন বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন গ্লেন

দীর্ঘদিন রোগে ভুগে ৮১ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত মার্কিন গায়ক-অভিনেতা গ্লেন ক্যাম্পবেল। ছয় ও সাতের দশকে গানে সুর দিয়ে, অনু্ষ্ঠান সঞ্চালনা করে খ্যাতি অর্জন করেন তিনি।

'রাইনস্টোন কাউবয়', 'জেন্টল অন মাই মাইন্ড', 'বাই দ্য টাইম আই গেট টু ফিনিক্স' সহ অগণিত সাড়াজাগানো গানের স্রষ্টা গ্লেন ক্যাম্পবেল টিভি-সিনেমা সবেতেই সমান জনপ্রিয় ছিলেন। সিবিএস চ্যানেলের 'দ্য গ্লেন ক্যাম্পবেল গুডটাইম আওয়ার'-এর সফল উপস্থাপনা করে আরও জনপ্রিয়তা পান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৩৬ সালে জন্ম হয় গ্লেনের। গিটার বাজিয়ে হিসেবে জীবন শুরু করলেও পরবর্তীতে গান রচয়িতা, সুরকার ও গায়ক হিসাবে জনপ্রিয়তা পান তিনি। প্রথমজীবনে স্টুডিওকর্মী হিসেবে কাজ শুরু করেন গ্লেন ক্যাম্পবেল। নিজের দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে কিংবদন্তি এলভিস প্রিসলি, ডিন মার্টিন ও ফ্রাঙ্ক সিনাত্রা সহ বিভিন্ন বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন গ্লেন।

জীবনের শেষ কয়েকটা বছর কেটেছে অসুস্থতার মধ্য দিয়ে। ২০১১ সালে অ্যালজেইমারে আক্রান্ত হন গ্লেন ক্যাম্পবেল। তারপরে এই কয়েকবছরের লড়াই শেষে অবশেষে মায়া কাটিয়ে বিদায় নিলেন তিনি। গ্লেন রেখে গিয়েছেন স্ত্রী কিমবার্লি উলেন ও আট সন্তানকে।

Developed by DXDasia