
সোমবার খাদ্যসাথী দিবস উপলক্ষে ঘোষণা করল রাজ্যের খাদ্য দপ্তর
এবার দৃষ্টিহীন, মূক ও বধির, যৌনকর্মী, এইচআইভি আক্রান্তদের জন্য প্রতি মাসে রেশন পৌঁছে দেবে খাদ্য দপ্তর। সোমবার খাদ্যসাথী দিবস উপলক্ষে খাদ্য দপ্তরে এক অনুষ্ঠানে জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্য দপ্তরের তরফে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে সমীক্ষা চালিয়ে তালিকা তৈরি করতে হবে। তালিকা ভুক্তদের হবে বিশেষ কার্ড। এই কার্ডের ভিত্তিতে দেওয়া হবে রেশন।
মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, ‘রাজ্যের প্রতিটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্যসাথী দিবসে প্রচেষ্টা। সরকারের তরফে জানানো হয়েছে – খাদ্যসাথী প্রকল্পের জন্য ৪ হাজার ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থ দপ্তর। কৃষকেরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছেন। কৃষকদের আয় ১৪ হাজার থেকে বেড়ে ৩৮ হাজার হয়েছে। বাড়ানো হয়েছে শস্য মজুত রাখার ভাণ্ডারও।’ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, সারা বছর ধরে খাদ্য দপ্তর এই প্রকল্পে কাজ করবে। এদিন অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত ১০ হাজার মা ও শিশুকে পুষ্টিকর খাবার দেওয়ার কথা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী। আগামী এক বছর ধরে ওই সব মা ও শিশুকে প্রতি মাসে ৯ কেজির একটি প্যাক দেওয়া হবে। যাতে থাকবে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি মুগের ডাল এবং ১ কেজি সয়াবিন।
