
২০১৫ সালেই ওই এলাকায় সিংহের সংখ্যা ছিল ৫২৩
রেকর্ড সংখ্যক বেড়েছে সিংহের সংখ্যা। এমনটাই জানা গেল চলতি জুলাইয়ের গণনায়। গির অরণ্য ও তার বাইরের আমরেলি, ভাবনগর ও গির-সোমনাথ জেলায় বর্তমানে সিংহের সংখ্যা ৬৫০। বন দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘গির ও তার আশেপাশে সিংহের সংখ্যা প্রায় ৬৫০। রেকর্ড বলছে, ১৯৩৬ সালের পর থেকে এই প্রথম এতটা বেড়েছে সিংহের সংখ্যা। ১-২ বছরের শাবক রয়েছে প্রায় ১৮০টি।’
মাত্র দু-বছর আগেই, ২০১৫ সালের গণনায় গির সংলগ্ন এলাকায় সিংহের সংখ্যা ছিল ৫২৩। এই দু-বছরে ১২৫টি সিংহ বাড়ায় উল্লসিত বন দপ্তর। বনমন্ত্রী গণপত ভাসাভা-র মন্তব্য, ‘সিংহের সংখ্যা বৃদ্ধি খুবই ভালো দিক। রাজ্য যে বন্যপ্রাণ সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে, এটা তারই প্রমাণ।’
১৯৯৫ সালে, ওই এলাকায় সিংহের সংখ্যা ছিল মাত্র ৩০৪। যে-কারণে ২০০০ সালে সিংহকে রাখা হয়েছিল অত্যন্ত বিপন্ন পশুর তালিকায়। ২০১১ সালে সংখ্যা বেড়ে হয় ৪১১টি। আর, তার পর থেকে মাত্র পাঁচ বছরে এতগুলি সিংহ বেড়ে যাওয়ায় বিস্মিত অনেকেই।
