
পরিচ্ছন্নতা আনতে নজির গড়ল এনকেডিএ
একদিকে যেমন ব্যায়ামের ফলে শরীর থাকবে সুস্থ, পাশাপাশি আবর্জনা পরিষ্কার হলে স্বাস্থ্য ফিরবে শহরেরও। অর্থাৎ এক ঢিলে দুই পাখি। এরকমই অভিনব উদ্যোগ নিয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডিএ। প্রাতঃভ্রমণের জগিংকে আবর্জনা সাফাইয়ের কাজে ব্যবহার করছে তারা।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এনকেডিএর ব্যবস্থাপনায় জগিং করতে করতে নোংরা পরিষ্কার করবেন মর্নিং ওয়ার্কাররা। সেদিন সকাল ৬টায় ইকো পার্কের ২ নম্বর গেট থেকে এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হবে। সাফাই অভিযান চলবে আইফেল টাওয়ারের রেপ্লিকা পর্যন্ত। জগিং করতে করতে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যাতে নোংরা তুলে ফেলতে পারেন, তার জন্যে তাঁদের দেওয়া হবে আলাদা এক ধরনের কাপড়ের ব্যাগ। যাঁরা পরিচ্ছন্নতার কাজে বিশেষ পারদর্শিতা দেখাবেন, তাঁদের পুরস্কার দেওয়ারও ব্যবস্থা থাকবে।
