গানের ঝর্নাতলায় ৩

গীতিগুঞ্জের বাইন্ডিং আলগা হল অতি -ব্যবহারে, কিন্তু অতুলপ্রসাদী মাধুর্যের বন্ধন আলগা হল না আমার মনে

আমার খুব গানের বইয়ের ঝোঁক ছিল। এইচ এম ভি-র শারদ অর্ঘ্য আর গীতবিতান খুব মন দিয়ে পড়তাম। যে সব কবিতায় সুর বসে গান হয়ে যায়, একটা অদ্ভুত ছন্দের দুলুনি থাকে তো! তাই হয়তো ওই গানের বাণী আমার খুব পছন্দের জায়গা ছিল। খুব আরামের আশ্রয়ও। বিশেষ করে বর্ষার নিরিবিলি দুপুরে, যখন বৃষ্টি কমে এলে জানলা খুলে চওড়া ধাপিতে পা মেলে বসে বাইরে ভিজে শালিখ আর ইলেকট্রিক তারে মুক্তোর সারি জলবিন্দু দেখা যেত কিংবা আমার রাতের খাওয়া শেষ হলে বাড়ির বড়রা আমার ওপর চৌকিদারী থেকে ক্ষান্তি দিয়ে নিজেরা খেতে বসতেন। এই করে করে অনেক গান দিব্যি মুখস্থও হয়ে গেল। তারপর সম্ভবত সাপ্তাহিক দেশ পত্রিকা বা অমৃততে শুরু হল অতুলপ্রসাদ সেনের জীবন নিয়ে একটি ধারাবাহিক। আমি যদিও ছোট, সর্বভূক স্বভাবের কারণে সেটি গোগ্রাসে গিলতাম। ফলে যথানিয়মে বাবাকে ধরে বাড়িতে আনলাম "গীতিগুঞ্জ"। অতুলপ্রসাদী গানের বই। সাদা বাঁধানো বই, ডবল ডিমাই, হালকা সবজেটে কাপড়ের পাইপিং দেওয়া ছিল স্পাইনে। প্রতিটি গানের নিচে তা কোন রাগাশ্রয়ী, সেও লেখা থাকত।

পড়তে পড়তে রেডিওতে গান শোনা, শুনতে শুনতে পড়া। কাছের মানুষ হয়ে গেলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়। গীতিগুঞ্জের বাইন্ডিং আলগা হল অতি -ব্যবহারে, কিন্তু অতুলপ্রসাদী মাধুর্যের বন্ধন আলগা হল না আমার মনে। কৃষ্ণা চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আর এক গায়িকা আমার পছন্দের হয়ে উঠলেন…শর্বানী সেন (উনি তালব্য শ লিখতেন নিজের নামের বানানে)।

কী যে হল, কিছুদিন পরে শর্বানী কেমন হারিয়ে গেলেন। স্রেফ হাওয়ায় মিলিয়ে গেলেন মাত্র হাতে গোনা ক'টি গান গেয়ে। কৃষ্ণা আলোয় ছিলেন অনেক দিন..তারপর তিনিও হারিয়ে গেলেন….কণ্ঠ হারিয়ে গেলে মূক শিল্পীর প্রাণবায়ুতে আর অম্লজান অবশিষ্ট থাকে না। সে এক জীবন্মৃত অবস্থা। একদিন আলোর সুড়ঙ্গ পেরিয়ে মৃত্যুর অন্ধকারে চলেও গেলেন কৃষ্ণা।

বাণী বসুর একটি উপন্যাস "গান্ধর্বী"। উচ্চাঙ্গ কণ্ঠশিল্পী অপালা তীব্র অভিমানে বাকশক্তি হারিয়ে ফেলেছিল। সে শুধু ছবি আঁকত কাগজে, দেওয়ালজোড়া প্লাস্টারে। শুধু তরঙ্গের ছবি। নানা শেডে, নানা গভীরতায় শুধুই ঢেউ। সুরতরঙ্গ। কোন অভিমানে গানের জগৎ থেকে শর্বানী নির্বাসন নিয়েছিলেন..আমি জানি না। জানি না, কৃষ্ণাও রোগশয্যায় মনে মনে দেওয়ালে আছড়ে পড়া ঢেউ আঁকতেন কিনা…তবে দুজনেই আমার কাছে ওই অপালার মতো। গান্ধর্বী।

কৃষ্ণার গান ইউ টিউবে অসংখ্য ছড়িয়ে আছে। হারিয়ে যাওয়া শর্বানীর একটি গান থাক।

Developed by DXDasia