
নজির গড়ল আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল
প্রত্যন্ত গ্রামের মানুষদের যাতে কলকাতা বা আরও বড়ো কোনো শহরে না ছুটতে হয়, সেই কথা মাথায় রেখে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজন করা হয়েছিল এক অস্ত্রোপচার শিবির। সেখানে একই দিনে ২১ জন রোগীর গলব্লাডারে স্টোনের ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার হওয়াতে অনন্য নজির তৈরি হল।
শনিবার আরামবাগ হাসপাতালে অস্ত্রোপচারে নেতৃত্ব দেন এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মাখনলাল সাহা। বর্ধমান মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মধুসূদন চ্যাটার্জি, অ্যানাস্থেটিস্ট ডাঃ মৌমিতা মণ্ডল, ডাঃ অশোক সেন এবং ডাঃ পার্থ চক্রবর্তী সহায়তা করেন তাঁকে। পাশাপাশি, সঙ্গে ছিলেন এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক আহসন কমল, জেস্নির্থ ক্রিশ্চিয়ানা আর সিদ্ধার্থশঙ্কর মিশ্র। সেদিন অস্ত্রোপচার চলেছিল সকাল ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। রোগীরা সবাই স্থিতিশীল বলে জানা গেছে।
