
বিনামূল্যে চারা, সার, ওষুধ ও বাগানের চারদিকে বেড়া দেওয়ার খরচ সরকারের থেকে পাবেন চাষিরা
ফলগাছ চাষের মাধ্যমে পতিত জমিকে সবুজ করার প্রকল্প নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা – বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান-কে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। বাঁকুড়ায় পতিত জমির পরিমাণ বেশি হওয়ায় এই প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাঁকুড়াকেই। ৮১০ হেক্টর পতিত জমিতে প্রথম পর্যায়ে ফলের বাগান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির নাম ‘হর্টিকালচার ডেভেলপমেন্ট ইন পশ্চিমাঞ্চল ডিস্ট্রিক্টস্’।
কৃষকদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা অন্যতম উদ্দেশ্য সরকারের। এই প্রকল্পের অধীনে ফলের বাগান করলে যাবতীয় খরচ বহন করবে সরকার। এমনকি, বিনামূল্যে চারা, সার, ওষুধ ও বাগানের চারদিকে বেড়া দেওয়ার খরচ সরকারের থেকে পাবেন চাষিরা। প্রথম দফায়, বর্ষা শুরু হলেই, ৪ লক্ষ চারা বিলি করা হবে চাষিদের মধ্যে।
ফলগাছের মধ্যে প্রধানত আম, মুসম্বি, বেদানা, পেয়ারা, কমলালেবু, বড় কুল ও আতা-কে নির্বাচিত করা হয়েছে বাগানে রোপণের জন্য। যে ফল উৎপন্ন হবে, তা রপ্তানিকারকের মাধ্যমে বাজারে নিয়ে আসবে সরকার। ফলের বাগানে সবজি চাষ করা হলে সেই খরচও রাজ্য সরকারের খাতেই যাবে। আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, শসা, উচ্ছে, গাজর, বিট – এই সবজিগুলির কথা ভাবা হয়েছে চাষের জন্য। সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হলে চাষিদের আর্থিক অবস্থারও উন্নতি হবে যথেষ্ট।
