
প্রতি মাসে পাওয়া যাবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ২.৫ কেজি গম
খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর। একটি টেন্ডারের পর আগামী জুলাই মাস থেকেই চালু হতে চলেছে এই পরিষেবা। জনসাধারণের মধ্যে চাহিদার কথা ভেবেই দপ্তরের এই সিদ্ধান্ত। এছাড়া, উত্তরবঙ্গের ডুয়ার্সেও চালু করা হচ্ছে ১২৬টি রেশন দোকান।
নবজাতক শিশুদের যাতে অপুষ্টির শিকার না হতে হয়, সে-জন্যে প্রায় ৩০ হাজার মায়েদের ফ্রিতে রেশন দেবে সরকার। পরিকল্পনায় রয়েছে গর্ভবতী মহিলাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করাও। সরকারি হাসপাতাল থেকে ছুটির দিন কুপন দেওয়া হবে মায়েদের। ওই কুপনগুলি রেশন দোকানে দেখালেই পাওয়া যাবে চাল, ডাল, গম ইত্যাদি। দপ্তরের নির্দেশ অনুযায়ী, কুপনের পরিবর্তে প্রতি মাসে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ২.৫ কেজি গম পাওয়া যাবে রেশন দোকান থেকে।
