
সরকারি হাসপাতাল বা সাবসেন্টারে প্রসূতির পরিবারের বার্ষিক আর্থিক আয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবে খাদ্য সরবরাহ দপ্তর। তার ওপর ভিত্তি করেই শুরু হবে কুপন দেওয়ার কাজ
প্রসূতিদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কুপন দেখালেই এবার থেকে নিখরচায় রেশন পাবে প্রসূতিরা। মে মাস থেকেই এই প্রকল্পের আওতায় আসছেন রাজ্যের ৩০ হাজার প্রসূতি। মাসে কেজি চাল, ২.৫ কেজি গম বা আটা, ১ কেজি ছোলা ও ১ কেজি মসুর ডাল সরবরাহ করা হবে – খাদ্য দপ্তরের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রেশন দোকানের ডিলারদের।
রেশন দোকানে কুপন দেখালেই প্রসূতিরা পাবেন এইসব খাদ্যদ্রব্য। একবছরের জন্য চালু থাকবে এই সুবিধা। সরকারি হাসপাতাল বা সাবসেন্টারে প্রসূতির পরিবারের বার্ষিক আর্থিক আয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবে খাদ্য সরবরাহ দপ্তর। তার ওপর ভিত্তি করেই শুরু হবে কুপন দেওয়ার কাজ।
উপযুক্ত খাবারটুকু যাতে পেতে পারেন গরিব প্রসূতি মায়েরা, সে-কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। দীর্ঘদিনের প্রশাসনিক আলোচনার পর প্রসূতিদের নিখরচায় পুষ্টিদ্রব্য সরবরাহ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
