বাংলাকে গর্বিত করে সর্বোচ্চ ফরাসি সম্মান সৌমিত্রর

‘বাঙালি অভিনেতা হিসেবে আমার কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই আমার কাছে প্রাপ্তি’

‘শব্দহীন গান শোনে আজও জোনাকির ভিড়ে মহানিম
গ্রামাঞ্চলে অন্ধকার দীর্ঘ মাঠে পৌষের হিম
আমার শৈশব আমি ভুলব না
মুঠিতে শুকানো শিশির আমি তবু মুঠি খুলব না’- সৌমিত্র চট্টোপাধ্যায়

কবিতাতে যেমন নিজের শৈশব-স্মৃতি নিয়ে যত্নশীল, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লেজিয়ঁ দ’ নর পাওয়ার পর ঠিক তেমনই নস্টালজিক সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৮৭-তে তাঁর ‘জীবনের ধ্রুবতারা’ সত্যজিৎ রায়ের হাতে কলকাতায় এসে এই সম্মান তুলে দেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট মিতেরঁ। আর তার ঠিক তিরিশ বছর পর এই সম্মান পেলেন সত্যজিতের ১৪ টি চলচ্চিত্রের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বললেন, ‘বাঙালি অভিনেতা হিসেবে আমার কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই আমার কাছে প্রাপ্তি’।

ব্যক্তিগত জীবনে সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বাঙালির এই আইকনের। নাতি অভিনেতা রণদীপ দুর্ঘটনার গুরুতর আহত অবস্থায় দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই এল এই সম্মানপ্রাপ্তির খবর। ভারতের প্রথম অভিনেতা হিসেবে লেজিয়ঁ দ’ নর পেয়ে বিষাদঘন কণ্ঠেই বলে ফেললেন, মানিকদার পর এই সম্মান পেয়ে আমি গর্বিত।

সারাজীবনে পদ্মভূষণ, জাতীয় পুরস্কার সহ প্রচুর পুরস্কার ঝুলিতে রয়েছে এই প্রবীণ অভিনেতার। ২০১২-য় পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার।  

Developed by DXDasia