‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে নজর কাড়লেন চার অভিনেত্রী

ছবির অনুপ্রেরণা ঋতুপর্ণ ঘোষ। গল্পের খসড়া তাঁরই

এখনও শহর এবং শহরতলির প্রায় সব সিনেমাহলই মজে আছে নগরকীর্তনে। নগরকীর্তনের এই আকাশছোঁয়া সাফল্যের মধ্যেই প্রকাশ্যে এল কৌশিকের পরবর্তী ছবির টিজার এবং পোস্টার। এই প্রথমবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সৌজন্যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। গত নভেম্বরেই প্রসেনজিতের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলনে এই ছবির ঘোষণা করেছিলেন কৌশিক-প্রসেনজিৎ। ছবির অনুপ্রেরণা ঋতুপর্ণ ঘোষ। গল্পের খসড়া তাঁরই। এই ছবিতে দেখা গেল চারজন অভিনেত্রীকে। এই চারজনের মধ্যে তিনজন অভিনেত্রীই এর আগে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন। সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, দামিনী বসু- বারবার অভিনয়ে নজর কেড়েছেন এঁরা। একজন ভারসাম্যহীন বোনের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। নতুন মুখ হিসাবে দেখা গেল শ্রেয়া ভট্টাচার্যকে। থিয়েটারের এই অভিনেত্রী প্রথমবারের জন্য সিনেপর্দায় সুযোগ পেলেন। অন্য তিনজন অভিনেত্রীর মতোই নজর কাড়লেন তিনিও।

‘জ্যেষ্ঠপুত্র' সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে নিসপাল সিং রানের সুরিন্দর ফিল্মস ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ। সঙ্গীত পরিচালনা করছেন প্রবুদ্ধ ব্যানার্জী। ধ্বনি মিশ্রনের দায়িত্বে অনিন্দিত রায় এবং অদীপ সিং মানকি। সম্পাদনা করছেন শুভজিৎ সিংহ। চিত্রগ্রহণ শীর্ষ রায়। শিল্প নির্দেশনা তন্ময় চক্রবর্তীর।

Developed by DXDasia