
ঠাকুরবাড়ির দ্বারকানাথ মঞ্চে ১৮-১৯ জানুয়ারি এই লিটল ম্যাগাজিন মেলা চলবে
বাংলা লিটল ম্যাগাজিন ফোরামের এই লিটল ম্যাগাজিন মেলা সর্বৈব প্রতিবাদের। ঠিক দুইবছর আগে কয়েকজন লিটল ম্যাগাজিন কর্মীদের উদ্যোগে এই মেলার সূত্রপাত হয়েছিল। ২০১৮ সালে এই মেলা হয় কলকাতার ভারতসভা হলে। ২০১৯ সালে স্থান পরিবর্তিত হয়ে মেলার আসর বসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বারকানাথ মঞ্চে। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের মেলাও হবে ঠাকুরবাড়িতেই।
প্রথম বছর তুলনামূলক কম প্রচারেই প্রায় ৭৯টির মতো পত্রিকা এই মেলায় অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় বছর মেলায় অংশগ্রহণ করে ১১৮টি পত্রিকা। বাংলাদেশ থেকেও বিভিন্ন লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করেছিল। বাংলা লিটল ম্যাগাজিন ফোরামের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২০ সালে আরও বেশি সংখ্যক পত্রিকাকে মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। মেলায় অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর, ২০১৯ অবধি ফোরামের ই-মেলে (banglalittlemagazineforum@gmail.com)। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বারকানাথ মঞ্চে ১৮-১৯ জানুয়ারি, ২০২০ (শনি ও রবি) এই লিটল ম্যাগাজিন মেলা চলবে।
ছবি সৌজন্যে- শূদ্রক উপাধ্যায়
