কাল শিকার উৎসব, বন্যপ্রাণ বাঁচাতে জোর প্রচার বনদপ্তরের

লালগড়ে রয়াল বেঙ্গল টাইগার হত্যার স্মৃতি এখনো টাটকা

রাত পোহালেই বুদ্ধ পূর্ণিমা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের গোটা জঙ্গলমহল, বনাঞ্চলের আদিবাসী মানুষরা মেতে উঠবেন শিকার উৎসবে। বহু প্রাচীন এই প্রথা ঘিরে আবেগ জড়িয়ে আছে আদিবাসীদের। কিন্তু, সময়ের সঙ্গে পাতলা হয়েছে জঙ্গল, হুহু করে কমেছে বন্যপ্রাণীদের সংখ্যাও। আদিবাসীরা নয়, তার জন্য মূলত দায়ী ‘দিকু’দের সভ্যতাই। কিন্তু, তা সত্ত্বেও শিকার উৎসব এলে কপালে ভাঁজ পড়ে বনদপ্তরের। বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে প্রচার ঘন করতে হয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রচার চলছে পথনাটক, ছৌপালায়। বলা হচ্ছে, বন্যপ্রাণকে বাঁচিয়েই উৎসবে মাততে। সাড়াও নাকি মিলছে যথেষ্ট। 

গত বছর শিকার উৎসবের সময়েই লালগড়ে হত্যা করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে ঢুকে পড়া রয়াল বেঙ্গল টাইগারকে। সেই স্মৃতি এখনো টাটকা জঙ্গলমহলে। এমন কোনো ঘটনারই পুনরাবৃত্তি আর চাইছে না বনদপ্তর। অথচ, আদিবাসীদের শিকার বন্ধ করতে বলাও অসম্ভব। ফলে, চলছে আন্তরিক প্রচার। সেই প্রচারে হাত মিলিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থারাও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ছুঁয়ে থাকা সাতটি বনাঞ্চলেও প্রচার চলছে। উৎসব হোক, কিন্তু বন্যপ্রাণ যেন বেঁচে থাকে। 

Developed by DXDasia