জঙ্গল তৈরি করতে শুকনো জমিতে অভিনব সিড বল ছড়াচ্ছে বনদপ্তর

বিকল্প পদ্ধতিতে রোজগার করছেন জঙ্গলমহলের মহিলারা

মাটির সঙ্গে চারকোল মিশিয়ে বানানো হয় বলের মতো গোল গোল দলা। তার মধ্যে থাকে দু’তিনটে বীজ। পতিত জমিতে সেই বল ফেলে দিলে আর্দ্রতা শুষে নিয়ে সেখানকার বীজগুলো থেকে চারা জন্মায়। একেই বলে সিড বল। পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে এই সিড বল ছড়িয়েই সবুজায়নের উদ্যোগ নিয়েছে বনদপ্তর।

আষাঢ়েও বৃষ্টি ঠিকঠাক না আসায় পুরুলিয়া খরার কবলে পড়েছে। তাই কেরল, ছত্তিশগড়, রাজস্থানের অনুসরণে শুকনো জমিতে সিড বল ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত বনদপ্তর নিয়েছে। তাদের ব্যবস্থাপনায় খেলার ছলে পতিত জমিতে সিড বল ফেলে আসবে পড়ুয়ারা। 

জঙ্গলমহলের কোটশিলা অঞ্চলে পার্বতী আর বিপত্তারিনী নামের দু’টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বনদপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই সিড বল তৈরি করে বিকল্প রোজগারের বন্দোবস্ত করেছেন। নিম, তেঁতুল, সোনাঝুরি, বেলের মতো সব গাছের বীজ রয়েছে সিড বলগুলোতে। ১টি সিড ব্যাগে থাকে ৫০০টি সিড বল। ব্যাগ প্রতি স্বনির্ভর গোষ্ঠী দু’টির আয় হচ্ছে ৫০০টাকা। 
 

Developed by DXDasia