বৃষ্টি কমলেও বাড়ছে উদ্বেগ

আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, নিম্নচাপ স্থান পরিবর্তন করছে

বৃষ্টি একটু কমেছে, কিন্তু এখনই নিস্তার নেই। আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, নিম্নচাপ স্থান পরিবর্তন করছে। সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। মঙ্গলবার সারাদিন সারা রাজ্যজুড়ে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘলা। তবে রাজ্যবাসীর সমস্যা এখন বৃষ্টি নয়। ডিভিসি থেকে জল ছাড়ার ফলে বর্ধমান, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সকাল থেকে এখনও পর্যন্ত ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে প্রায় ৯২ হাজার ৭৩৪ কিউসেক। ফলে বেড়েছে সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, ডুলুং সহ বিভিন্ন নদীর জল। মাইথেন এবং পাঞ্চেত থেকেও জল ছাড়া হচ্ছে। এর ফলে পরিস্থিতি বিপজ্জনক।

একদিকে অতিবৃষ্টি, ভরাকোটাল অন্যদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জলছাড়ার ফলে রাজ্যের নদীগুলির জলস্তর বাড়ছে। রাজ্যসরকার তরফ থেকে জানানো হয়েছে, মাইথন থেকে দুপুর ৩টের পর থেকে জল ছাড়া না হলেও, পাঞ্চেত থেকে অনুরোধ করা সত্ত্বেও জল ছাড়া হচ্ছে। নবান্ন সেচ দফতরের কন্ট্রোলরুম এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে পরিস্থির দিকে সর্বদা নজর রাখার নির্দেশ দিয়েছে।

Developed by DXDasia