উদ্ভিজ্জ উপাদানে তৈরি মাছ, মাংস, দুধের পদ মিলছে কলকাতার প্রথম ‘ভেগান ক্যাফে’-তে

‘ভেগান’-বিতর্কের মধ্যেই ডাক পাঠাচ্ছে উবানটু

এই ক্যাফেতে মিলবে কফি, চা, পিৎজা, পাস্তা, বার্গার, স্মুদি সবই। এমনকি পুজোর সময় মেনুতে থাকবে মাছের ঝাল, কষা মাংসও। কিন্তু, এই সবই উদ্ভিজ্জ উপাদানে তৈরি। কলকাতার প্রথম ভেগান ক্যাফে ‘উবানটু’ এমন নানা বিস্ময়কেই হাজির করছে সামনে। কিছুদিনের মধ্যেই তাদের রেসিপিতে যুক্ত হবে বিরিয়ানিও। মাংসের স্বাদ মিলবে উদ্ভিজ্জ উপাদানে তৈরি পদেও। শেফ মৃণালিনী নাইডুর তত্ত্বাবধানে জন্ম নিচ্ছে এই ক্যাফের রকমারি সব পদ। 

‘উবানটু’ জুলুভাষার শব্দ। এই শব্দের মধ্যেই জড়িয়ে একসঙ্গে বেঁধে থাকার দর্শন, মানবতার কথা। সেই কারণেই ক্যাফের নাম এমন। উবানটু মতাদর্শ মেনেই তিনতলা বাড়ি জুড়ে ক্যাফের পাশাপাশি হস্টেল এবং ইভেন্টের পরিসর তৈরি করেছেন উদ্যোক্তারা। মূল স্লোগানও উবানটু দর্শন থেকেই ধার করা—ইট, লিভ অ্যান্ড শেয়ায়। ক্যাফের সমস্ত পদই উদ্ভিজ্জ উপাদানে তৈরি। এমনকি দুধও। পরিবেশ রক্ষার বার্তা ক্যাফের অন্দরসজ্জায়। ফেলে দেওয়া কাঠ, ভাঙা আসবাব থেকে গড়ে উঠেছে ক্যাফের টেবিল-চেয়ার। প্লাস্টিকের ব্যবহার নেই ক্যাফেতে। দূষণ এড়ানোর জন্য নেই এসিও। ক্যাফেতে খাবার পরিবেশন করা হচ্ছে কাঠের বাসন, নারকেল খোলে।

এই ক্যাফে ডাক পাঠাচ্ছে আমিষাশীদেরও। বরং মাছ-মাংসপ্রিয় বাঙালি ভেগান কায়দায় মাছ-মাংসের স্বাদ দেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন এই ক্যাফের উদ্যোক্তারা। 

Developed by DXDasia