দেশের প্রথম ম্যানগ্রোভ চিড়িয়াখানা গড়ে উঠছে সুন্দরবনে

পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগ

সুন্দরবনের ইকো-টুরিজমকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য যথাসম্ভব বজায় রেখেই এবার জঙ্গলের মধ্যে গড়ে উঠবে ম্যানগ্রোভ চিড়িয়াখানা। সারা ভারতে এরকম উদ্যোগ নজিরবিহীন।

বুধবার ম্যানগ্রোভ চিড়িয়াখানা গড়ে তোলার ঘোষণা করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সুন্দরবনের বাসন্তী ঝড়খালি পরিদর্শনে যান তিনি। ঝড়খালির ইকো-টুরিজম প্রকল্পগুলি ঘুরে দেখে তিনি পৌঁছন নেতিধোপানিতে। বনমন্ত্রী জানান, নেতিধোপানি পর্যটন কেন্দ্রকে আরও মনোরম করে তুলবে সরকার। 

হেড়োভাঙা নদীর পাশে ঝড়খালি পর্যটন কেন্দ্রের কাছে ম্যানগ্রোভ চিড়িয়াখানা গড়ে উঠবে। তার জন্য ব্যয় করা হবে প্রায় ১০০ কোটি টাকা। তিনটি পর্যায়ে কাজ হবে। জঙ্গলের ধার বরাবর ক্যানোপি ওয়াকের রাস্তা তৈরি হবে। স্কাইওয়াকের মতো সেই রাস্তা থেকেই পশুপাখি দেখতে পারবেন ভ্রমণার্থীরা। বৃদ্ধ ও অসুস্থদের যাতে সমস্যা না হয়, তার জন্য পায়ে হেঁটে চলার রাস্তার পাশেই থাকবে এসকেলেটর। 

সুন্দরবন ইতিমধ্যেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এবার সেখানে গড়ে উঠবে দেশের প্রথম ম্যানগ্রোভ চিড়িয়াখানা। বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের পরিচিত ব্যক্তিত্ব ও অভিনেতা জয়দীপ কুণ্ডু এই প্রসঙ্গে বলেন, “পর্যটনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বন্যপ্রাণ সংরক্ষণ করতে হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই”।
 

Developed by DXDasia