
অঞ্জনা ভৌমিকের হৃদযন্ত্র সফলভাবে প্রতিস্থাপিত হল মৃণ্ময় দাসের শরীরে
ইতিহাস গড়ল এসএসকেএম হাসপাতাল। ব্রেন ডেথ হওয়া এক ভদ্রমহিলার হৃদযন্ত্র সফলভাবে এক যুবকের দেহে প্রতিস্থাপন করলেন এখানকার চিকিৎসকরা। রাজ্যের সেরা সরকারি হাসপাতালে এটিই প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন। এর আগে ২০১৮-র নভেম্বরে কলকাতা মেডিক্যাল কলেজে সফলভাবে হৃদয় প্রতিস্থাপন করা হয়েছিল। রাজ্যের কোনো সরকারি হাসপাতালে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন সেটিই ছিল।
গত রবিবার ৪৯ বছর বয়সি গৃহবধূ অঞ্জনা ভৌমিক সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। আন্দুলের এক প্রখ্যাত বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে, তাঁর ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অঞ্জনাদেবীর পরিবার তাঁরই ইচ্ছা অনুসারে, তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন, হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ ইত্যাদি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এদিকে এসএসকেএমে ভর্তি হওয়া ৩০ বছর বয়সী মৃণ্ময় দাসের হৃদপিণ্ড খুব দ্রুত প্রতিস্থাপনের দরকার ছিল। গ্রিন করিডোর তৈরি করে অঞ্জনা ভৌমিকের হৃদযন্ত্র এসএসকেএমে পৌঁছে দেওয়া হয় রেকর্ড সময়ের মধ্যে। তারপর সফলভাবে তা মৃণ্ময় দাসের শরীরে প্রতিস্থাপিত করা হয়। বেসরকারি হাসপাতালের থেকে অনেক কম খরচে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব হল সরকারি হাসপাতালে।
