
ডাঃ সুভাষ মুখোপাধ্যায় বিখ্যাত গবেষণাটি চালিয়েছিলেন এই হাসপাতালেই
এই এনআরএস হাসপাতালেই নিজের বিশ্বখ্যাত গবেষণার কাজ চালিয়ে গেছিলেন ভারতের প্রথম টেস্ট টিউব বেবির জন্মদাতা ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। ঘটনাচক্রে এই এনআরএস হাসপাতালেই চালু হতে চলেছে রাজ্য সরকারের প্রথম নিজস্ব টেস্ট টিউব বেবি বা আইভিএফ সেন্টার। এই উদ্যোগকে ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ বলেই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশিস ভট্টাচার্য। এই সেন্টার চালু হলে উপকৃত হবেন অসংখ্য নিম্নবিত্ত, গরিব দম্পতি।
বর্তমানে শতকরা ১৪ জনেরও বেশি দম্পতি সন্তানহীনতায় ভুগছেন। এদের প্রত্যেকের আর্থিক সামর্থ্য সমান নয়। নামি-দামি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে গিয়ে বহু অর্থ ব্যয়ে টেস্ট টিউব বেবি পরিষেবার সুযোগ সবাই নিতে পারেন না। এনআরএসের নতুন সরকারি টেস্ট টিউব সেন্টার সেইসব দম্পতিদের মুখেই হাসি ফোটাবে।
ইতিমধ্যেই ৯০ শতাংশ যন্ত্রপাতি চলে এসেছে। আইভিএফ সেন্টার শুরু হবে আউটডোর বিল্ডিং-এর চারতলায়। সেন্টার তৈরির কাজও প্রায় শেষ। কিছু পদে কর্মী নিয়োগ বাকি। গোটা প্রকল্পে খরচ হচ্ছে ভালোই। সব ঠিকঠাক চললে, নতুন বছরের একদম গোড়াতেই শুরু হয়ে যাবে এই সেন্টার। প্রথমে সপ্তাহে দু’দিন আউটডোর চলবে। পরে ধাপে ধাপে পরিকাঠামোও বাড়বে। চিকিৎসা হবে প্রায় নিখরচায়। এর আগে পিজি হাসপাতালে পিপিপি মডেলে ন্যূনতম ব্যয়ে বন্ধাত্বের চিকিৎসা শুরু করতে চেয়েছিল রাজ্য সরকার। সেই প্রচেষ্টা সাফলের মুখ দেখেনি। এনআরএসের এই সেন্টার তৈরি সেদিক থেকে রাজ্য সরকারের বড়ো জনমুখী পদক্ষেপ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল।
