সৌরভের আমন্ত্রণে ভারতের প্রথম ঐতিহাসিক দিন-রাতের টেস্টে হাজির থাকবেন হাসিনা

ভারতের বুকে প্রথম গোলাপি বলের টেস্ট হবে ইডেনেই

আগামী মাসে ক্রিকেটের নন্দনকাননে তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। সৌজন্যে বিসিসিআই-এর নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের বুকে গোলাপি বলে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের মহানগরেই।

বোর্ড সভাপতি হওয়ার পর থেকেই দিন-রাতের টেস্টে আগ্রহ দেখিয়েছেন সৌরভ। তিনি সওয়াল করে আসছেন, এর ফলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে। দায়িত্ব নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে তিনি দিন রাতের টেস্ট খেলতে রাজি করিয়েছেন। সম্মতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। ভাইফোঁটার দুপুরে বিসিসিআই ঘোষণা করেছে, আগামী ২২-২৬ নভেম্বর ভারত-বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্ট খেলা হবে ইডেনে। 

এই ম্যাচ দেখতে ইডেনে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভারত সফর নয়। বাঙালির ছেলে সৌরভের আমন্ত্রণেই তিনি কলকাতা আসছেন। সেই খেলায় মুজিবকন্যাকে দিয়ে ‘ইডেন বেল’ বাজানোর পরিকল্পনা রয়েছে। 

ঐতিহাসিক এই টেস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে থাকার কথা। হাজির থাকতে পারেন বাংলাদেশের রুনা লায়লা এবং ভারতের উষা উত্থুপ। এছাড়া, উদ্বোধনে আয়োজিত হবে দুই বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Developed by DXDasia