লন্ডনের বহুতলে বিধ্বংসী আগুন

গভীর রাতে আগুন ছড়িয়ে পড়ে পশ্চিম লন্ডনের লাটিমার রোডের ভবনটিতে

লন্ডনের লাটিমার রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে রাত সোয়া একটার দিকে। ‘গ্রেনফেল টাওয়ার’ নামের ২৪ তলার ওই ভবনটিতে অন্তত ১২০টি ফ্ল্যাট আছে। লন্ডন অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে খবর, ৩০ জনকে উদ্ধার করা গিয়েছে আপাতত। হাসপাতালে চিকিৎসাধীন তারা। হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণ করতে ৪০টি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। আগুন নেভাতে ২০০ জন দমকলকর্মী তৎপর। তবে, কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি এখনও।

ভবনটির ওপর দিকে প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে দ্রুত সারা ভবনেই ছড়িয়ে পড়ে আগুন। কয়েক ঘণ্টার মধ্যে পুরো বাড়িই আগুনের গ্রাসে চলে যায়। তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই কিছু বাসিন্দাকে নামিয়ে আনা সম্ভব হয়েছে – এমনটাই খবর ফায়ার ব্রিগেডের সূত্রে।

আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লন্ডন মেট্রোর হ্যামারস্মিথ ও সিটি ও সার্কেল লাইন। ফায়ার ব্রিগেডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ড্যান ড্যালে জানান, সমস্ত এলাকাই ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় কর্মীদের সমস্যা হচ্ছে আগুন নেভাতে। আরও দমকলকর্মী আনা হচ্ছে ঘটনাস্থলে।

Developed by DXDasia