
কলহীন ট্যাপ দেখলেই নিজেরা খরচ করে কল লাগিয়ে দিচ্ছেন তাঁরা
পাড়ায় পাড়ায় প্রচুর জলের ট্যাপ রয়েছে। কিন্তু এরকম অনেক ট্যাপই পড়ে রয়েছে কলহীন অবস্থায়। অনবরত জল পড়েই চলেছে সেখান থেকে। যার ফলে সারাদিন প্রচুর জল অপচয় হচ্ছে। জলের এই ভয়াবহ সংকটে সামান্যতম জলও নষ্ট করা যাবে না- এই ভাবনা থেকেই জল অপচয় বন্ধ করার জন্য নতুন উদ্যোগ নিল একদল তরুণ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও হুঁশ ফেরেনি এলাকার মানুষদের। তাই পনেরো জন সমাজ সচেতন বন্ধু নেমে পড়লেন রাস্তায়। কলহীন ট্যাপ দেখলেই নিজেরা খরচ করে কল লাগিয়ে দিচ্ছেন তাঁরা। এমনকি যাঁরা এই কাজে এগিয়ে আসছেন প্রত্যেককে চকোলেট বিলি করছেন।
তাঁদের এই কাজ দেখে উৎসাহিত হয়ে হাতে হাত মেলাচ্ছেন এলাকার মানুষজনও। যতটা সম্ভব জল অপচয় বন্ধ করা যায়- তার জন্য প্রত্যেকে প্রচার চালিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি। এই উদ্যোগে অভূতপূর্ব সাড়া পেয়েছে ওই তরুণের দল। প্রশাসনের পক্ষ থেকে ট্যাপের কল কিনে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
