
২০১৬ সালে ইয়েমেন থেকে অপহৃত হয়েছিলেন তিনি
দেড় বছর পর আইএস-এর বন্দিদশা থেকে মুক্ত হলেন ভারতীয় যাজক ফাদার টম উজুন্নালিল। ২০১৬ সালে ইয়েমেন থেকে অপহৃত হয়েছিলেন তিনি। ওমান বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে উদ্ধার করা হল ফাদারকে। মঙ্গলবার সংবাদপত্র ওমান অবজার্ভার ফাদারের মুক্তির খবর প্রকাশ করেন। ফাদারের এই মুক্তিতে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।
ফাদার টম উজুন্নালিল ২০১০ সালে যান ইয়েমেনে। ২০১৬ সালের মার্চ মাসে ইয়েমেনের দক্ষিণ প্রান্তের বন্দর শহর এডেন থেকে অপহরণ করে জঙ্গিরা। সেখানে তিনি মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটি দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রম গিয়েছিলেন। উদ্ধারের পর ফাদারকে নিয়ে যাওয়া হয়েছে মাসক্যাটে। সেখান থেকে আজই নিজের বাড়ি কোট্টায়ামে ফেরার কথা। তাঁর এই মুক্তির খবরে পরিবারবর্গ খুব খুশি।
