চাষের নতুন পদ্ধতি ব্যবহার করে নজির গড়লেন আলমগির

বস্তায় চাষ করে পেয়েছেন সরকারি পুরস্কার

অনেক মানুষেরই চাষবাসের খুব শখ। কিন্তু জমির অভাবে ফসল ফলানোর ইচ্ছেকে এতদিন শিকেয় তুলে রাখা ছাড়া উপায় ছিল না। কিন্তু এবার নন্দীগ্রামের হোসেনপুর গ্রামের কৃষক হাজি আলমগির হোসেন চাষের এমন পদ্ধতি হাতে কলমে প্রয়োগ করে দেখালেন, যার ফলে জমি না থাকলেও বাড়ির উঠোন, কার্নিস অথবা ছাদেও ফসলের চাষ করা যেতে পারে অনায়াসে। 

অভিনব এই চাষের পদ্ধতি ‘বস্তায় চাষ’ বা ‘স্যাক কাল্টিভেশন’ নামে পরিচিত। এর আগে আলমগির হোসেন ধান চাষে ড্রাম সিড পদ্ধতি ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছিলেন। চাষের কাজে নতুন পরীক্ষানিরীক্ষা করাই তাঁর নেশা। এবার তাতে সংযোজন এই বস্তায় চাষ। বাড়িতে চারশো বস্তায় ফসলের চাষ করে সফল হয়েছেন তিনি। অন্য কৃষকেদের এখন সেই পদ্ধতিতে চাষ করতে উৎসাহ যোগাচ্ছেন। 

রাজ্য সরকারের তরফ থেকে এই চাষিকে ২০১৭ সালে নজরুল মঞ্চে ‘কৃষক সম্মান’ এবং ২০১৮ সালে বর্ধমানে মাটি উৎসবে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি আলমগিরকে কেন্দ্রীয় সরকারের পূর্ব মেদিনীপুর জেলা কৃষি বিকাশ কেন্দ্র ‘উদ্ভাবক কৃষক’ সম্মানে ভূষিত করেছে। 

ছবি সূত্র – সংবাদ প্রতিদিন 

 

Developed by DXDasia