
বাংলা নতুন বছরে যাত্রীদের জন্য উপহার
শিয়ালদহ স্টেশনে যাঁরা রাতের ট্রেন ধরতে আসেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই সব যাত্রীদের থাকা নিয়ে সমস্যা হয়। সেই সমস্যার সমাধানেই সোমবার নববর্ষের দিনে এগজিকিউটিভ লাউঞ্জ চালু হল শিয়ালদহ স্টেশনে। এক্সপ্রেস ট্রেন হোক বা লোকাল, যে কোনো যাত্রীই এই বিলাসবহুল লাউঞ্জে কয়েক ঘণ্টা সময় নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন।
সোমবার মিনতি শেঠি এবং প্রিয়স্মিতা ব্যাপারী নামের দুই টিকিট পরীক্ষক ফিতে কেটে এই এগজিকিউটিভ প্লাজার উদ্বোধন করেন। হাজির ছিলেন শিয়ালদহ স্টেশনের ডিভিশনাল রেলওয়ে অফিসার প্রভাস দানসানা ও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র। জানা গেছে, এই লাউঞ্জে সময় কাটাতে গেলে প্রথম দু’ঘণ্টার জন্য প্রত্যেক যাত্রীকে প্রবেশমূল্য দিতে হবে ১০০ টাকা, তার পরের এক ঘণ্টা পিছু ৫০ টাকা করে। কমপ্লিমেন্টারি চা অথবা কফি থাকবে এর মধ্যে। অন্তত ৫০০ টাকার খাবার কিনলে প্রবেশমূল্য বাবদ ১০০ টাকা কাটিয়ে দেওয়া হবে। স্টেশনের মেন গেটের একেবারে সামনেই রয়েছে এগজিকিউটিভ প্লাজায় ওঠার ক্যাপসুল লিফট। ফলে, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের এই লাউঞ্জে যেতে কোনো সমস্যাই হবে না বলে জানিয়েছে আইআরসিটিসি।
