
এরশাদের চিঠি মমতাকে
পশ্চিমবঙ্গের কোচবিহারে পৈতৃক সম্পত্তি রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এখন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান। তবে মমতা কাছ থেকে সেই চিঠির উত্তর তিনি এখনও পাননি। যদিও তাঁর সেই চিঠিতে অনেকটাই কাজ হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে এরশাদ অভিযোগ করেন, কোচবিহার জেলায় তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। সেখানে তাঁর দু’জন আত্মীয় বাস করেন। সেখানেই অবৈধভাবে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। এটা বন্ধের জন্য চিঠিতে মুখ্যমন্ত্রীর সাহায্য চান তিনি।
কোচবিহারের দিনহাটা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আছে এরশাদের ওই জমি। এরশাদ চিঠিতে বলেছেন, তাঁর স্বজনেরা এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। এরশাদ সম্প্রতি ফোনে দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর তিনি পাননি। কিন্তু তাঁর মনে হয়েছে মমতা এই বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কারণ, এখন আর তাঁর আত্মীয়দের কেউ বিরক্ত করছে না। ওই জমির পরিমাণ ৭০ শতাংশ। এরশাদের অভিযোগ ছিল স্থানীয় একটি বয়েজ ক্লাবের মাধ্যমে সম্পত্তিটি দখলের চেষ্টা হচ্ছে। সামান্য অর্থের বিনিময়ে জমিটি ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাদের।
