
১৪ ঘন্টা ৮ মিনিটে ইংলিশ চ্যানেল পেরোলেন বাংলার সায়নী
বর্ধমানের কালনার ২০ বছরের ছাত্রী সায়নী দাস ইতিহাস গড়লেন ইংলিশ চ্যানেল পার হয়ে। তিনি শ্রীরামপুর কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইংল্যান্ডের ডোভার থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ফ্র্যান্স কোস্ট পৌঁছতে সায়নী সময় নিয়েছেন ১৪ ঘন্টা ৮ মিনিট। বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন সায়নীকে অভিনন্দন জানিয়েছে এই সাফল্যের জন্য।অ্যাসোসিয়েশনের পক্ষে রামানুজ মুখোপাধ্যায় বলেছেন, সায়নীর এই সাফল্যের জন্য তাঁরা ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য ক্রীড়া দফতর এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে।
