
নতুন ভোটারদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ
ভোটের বাদ্যি বেজে গেছে। প্রবীণ নাগরিকদের সঙ্গে তরুণদের মুখেও শোনা যাচ্ছে, “২০১৯-এর লোকসভা নির্বাচন খুবই চ্যালেঞ্জিং।” এবছর যারা প্রথম ভোটার সেইসব যুবক-যুবতীদের গণতন্ত্রের পাঠ শেখাবে নির্বাচন কমিশন। আর তার জন্য তাঁরা সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন। সেই লক্ষ্যে প্রথমবারের জন্য টুইটারের সঙ্গে গাঁটছড়া বাঁধল কমিশন। গত শুক্রবারই মাইক্রো ব্লগিং সাইট টুইটারে @ECISVEEP নামে একটি অ্যাকাউন্ট খুলেছে নির্বাচন কমিশন। অ্যকাউন্টটির নাম দেওয়া হয়েছে ECI#DeshKaMahaTyohar। এই অ্যাকাউন্টের মাধ্যমে অভিনব প্রচার চালাবে নির্বাচন কমিশন। মূলত নতুন ভোটারদের কথা মাথায় রেখেই কমিশনের এই উদ্যোগ। এই অ্যাকাউন্টের মাধ্যমে নির্বাচনী ভিডিও, তথ্যচিত্র ও বিভিন্ন আকর্ষণীয় তথ্য পোস্ট করে সাধারণ মানুষকে ভোট সম্পর্কে আরও শিক্ষিত করা হবে। শুধু প্রচার কিংবা ভোটারদের শিক্ষিত করাই নয়। কমিশনের পোস্টগুলিতে নিজেদের মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ। কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লোকসভা নির্বাচনের জন্য সংসদের ছবি-সহ ১২টি ভাষায় বিশেষ ইমোজি তৈরি করেছে টুইটার। হিন্দি, ইংরেজি, বাংলা, অসমিয়া, গুজরাটি, কন্নড়, মালয়ালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু ভাষার এই ইমোজি ব্যবহার করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা।
