
আজ বুদ্ধদেব গুহর ৮৩তম জন্মবার্ষিকী
আজ ৮৩-তে পড়লেন ঋজুদার স্রষ্টা। পুরোদস্তুর শহুরে জীবন কাটিয়েও বুদ্ধদেব গুহ আদিম অরণ্যের মধ্যে বারবার আবিষ্কার করেছেন নিজেকে। বাংলা কথাসাহিত্যে আলাদা এক ধারার সৃষ্টি করেছেন তিনি।
পেশায় একজন সফল চার্টাড অ্যাকাউন্ট, লেখা তাঁর জীবিকা নয়। ‘জঙ্গলমহল’ তাঁর প্রথম বই। লেখক হিসেবে খুব কম সময়েই তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। ‘হলুদ বসন্ত’ তাঁর প্রথম জনপ্রিয় উপন্যাস। বাংলা প্রেমের উপন্যাসে নতুন যুগ নিয়ে এসেছিল এই ‘হলুদ বসন্ত’ বইটি। বুদ্ধদেব গুহর ‘মাধুকরী’ তো বহুদিন ধরে বেস্টসেলার হয়ে মাতিয়ে রেখেছিল বাঙালি পাঠকদের।
‘খেলা যখন’, ‘বিন্যাস’, ‘বাবলি’, ‘একটু উষ্ণতার জন্য;, ‘কোয়েলের কাছে’, ‘কোজাগর’-এর মতো তার উপন্যাসগুলোতে ফুটে উঠেছে বহুমাত্রিক জীবনসংগ্রামের নানা ক্ষত। তাঁর লেখা ভ্রমণ, শিকার কিংবা গোয়েন্দা কাহিনিগুলোও জয় করে নিয়েছে পাঠকের মন। সৃষ্টি আনন্দে তিনি এঁকে ফেলেন অসাধারণ সব ছবি, মনের খেয়ালে সুরেলা কণ্ঠে গান গেয়ে ওঠেন। রসজ্ঞ্রদের কাছে সেটাও বড়ো প্রাপ্তি।
