
আন্ডে কা ‘ফান্ডা’ ঠিক আছে তো? পুরসভা কিনল ডিমের ‘প্রোটিন প্রোফাইল’ পরীক্ষা করার মেশিন
আগে তিনি ছিলেন পরিবারের মহান পুষ্টিদাতা। তার চরিত্র ছিল সংশয়ের উর্দ্ধে। এখন বেচারাকে পদে পদে পড়তে হচ্ছে সন্দেহের ফাঁদে। দুর্জনেরা বলছেন চৈনিক হস্তক্ষেপে না কী তার চরিত্রস্খলন ঘটেছে। বাজার কাঁপানো ‘গুজব’-এর ফাঁদে না পড়ার জন্য রাজ্যবাসীকে আবেদনও জানিয়ে ছিল পুর প্রশাসন। তাতে অবশ্য বিশেষ চিঁড়ে ভেজেনি। রাস্তার অমলেট বিক্রেতা থেকে শপিং মলের সেলস পার্সন, সবার দিকেই আড়চোখে তাকাচ্ছেন ক্রেতারা। তাই এবার প্লাস্টিক ডিম নিয়ে বিভ্রান্তি দূর করতে ৫০ হাজার টাকা খরচ করে মেশিন কিনল কলকাতা পুরসভা। এই মেশিনের সাহায্যে পরীক্ষা করা যাবে ডিমের প্রোটিন প্রোফাইল।
তাই এবার আপনার প্রিয় পুষ্টিদাতার ‘ফান্ডা’ নিয়ে প্রশ্ন উঠলেই পুরসভার ল্যাবরেটরিতে তা চটজলদি পরীক্ষা করে নেওয়া যাবে। এমনটাই জানাচ্ছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ।
