
কামরার উষ্ণতা থাকবে ২৪-২৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ
থ্রি-টায়ার এসি তো ছিলই। এবার তার থেকেও কম ভাড়া গুণে ইকোনমি এসি কামরায় ভ্রমণের স্বাচ্ছন্দ পেতে চলেছেন রেলযাত্রীরা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এক নতুন ট্রেন আনার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেল। সেই ট্রেনেই এসি ফার্স্টক্লাস, টু টায়ার এসি এবং থ্রি-টায়ার এসির পাশাপাশি থাকবে ইকোনমি এসি কামরা। ভাড়া থ্রি-টায়ার এসি-র থেকে কম। এই কামরার দরজাগুলি হবে স্বয়ংক্রিয়। আর কামরার উষ্ণতা থাকবে ২৪-২৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। ফলে অন্যান্য এসি কামরার যাত্রীদের মতো লাগবেনা কম্বল বা অন্য কোনও শীতবস্ত্র।
নির্দিষ্ট কিছু রুটে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সম্প্রতি হামসফর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই তা যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে। রেলের দাবি ইকোনমি এসি কামরা এলে অনেক বেশি যাত্রী কম খরচে স্বাচ্ছন্দে ভ্রমণের স্বাদ পাবেন।
