বীজের তৈরি রাখি, পরিবেশ-রক্ষার বার্তা ভাই-বোনের চিরায়ত সম্পর্কেও

বাজারে এসেছে পরিবেশ-বান্ধব রাখি

একদিকে ভাই-বোনের চিরায়ত সম্পর্ক, অন্যদিকে প্রকৃতি-রক্ষার ডাক। রাখি উৎসবের দিন এই দুটি দিককেই একসূত্রে বাঁধতে চাইছে ‘পরিবেশ-বান্ধব’ রাখি। কখনো এইসমস্ত রাখি বোনাই হচ্ছে ছোটো ছোটো বীজ দিয়ে। কখনো রাখির ভিতরে রাখা থাকছে বীজ। যাতে হাতের মেয়াদ ফুরোলে এই রাখির সঙ্গে থাকা বীজ চলে আসে মাটিতে, জন্ম দেয় নতুন গাছের। এভাবেই রাখির ভিতরেও বুনে দেওয়া হচ্ছে বৃক্ষরোপণ, সবুজায়নের বার্তা। 

আরেকটি কারণেও ‘পরিবেশ বান্ধব’ বলা হচ্ছে এইসমস্ত রাখিগুলিকে। হাল ফ্যাশনের বহু রাখির মতো এগুলিতে প্লাস্টিক বা নাইলনের ব্যবহার থাকছে না। নারকেলের ছিবড়ে, কাগজ, সুতো, গাছের অংশ দিয়ে তৈরি এই রাখিগুলি পরিবেশের কোনো ক্ষতিই করবে না। 

পরিবেশকে রক্ষার ডাক ফুটে উঠছে নানা উদ্যোগের ভিতর দিয়েই। কখনো পুতুলের মধ্যে বুনে দেওয়া হচ্ছে বীজ, কখনো রাখিতে। এভাবেই যদি ক্রমশ ধূসর আর উত্তপ্ত চাটুর মতো হতে থাকা পৃথিবীটায় একটু সবুজ ফেরে ক্ষতি কী? ভাই-বোনের সম্পর্ক এইভাবেই পরিবেশরক্ষার অঙ্গীকারেও পরিণত হচ্ছে। এখন কলকাতা-সহ মফস্‌সলেও দিব্যি পাওয়া যাচ্ছে এই পরিবেশ-বান্ধব রাখি।
 

Developed by DXDasia