সাগরমেলায় প্লাস্টিকের বদলে এগুলি ব্যবহার করা হবে
প্রত্যেক বছর সাগরমেলায় প্লাস্টিকের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র প্রচুর পরিমাণে সমুদ্র এবং উপকূলের যেখানে সেখানে ফেলা হয়। এর ফলে, গোটা অঞ্চলের বাস্তুতন্ত্র ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। এবারের সাগরমেলায় প্লাস্টিকের বদলে ভুট্টার দানা থেকে তৈরি থালা, বাটি, গ্লাস, চামচ, ক্যারিব্যাগ ইত্যাদি চালু করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
এবারের মেলায় বিভিন্ন দোকানে ভুট্টা দানার ব্যাগ ও বাসনপত্র রাখার ব্যবস্থা করবে গঙ্গাসাগর-বকখানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এই জিনিসগুলি সরবরাহ করবে হুগলি জেলার কোন্নগরের একটি বেসরকারি সংস্থা। এছাড়া, মেলায় আগত দর্শনার্থীদের কাছে প্রচার চালানো হবে, যাতে তারা প্লাস্টিকের জিনিস ব্যবহার না করেন।
ভুট্টা দানার সঙ্গে বিশেষ কয়েকটি গাছের আঠা মিশিয়ে বানানো এই ধরনের পরিবেশ-বান্ধব জিনিসগুলিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ছাড়পত্র দিয়েছে। ব্যবহারের পর ৩ মাসের মধ্যে এগুলি মাটিতে মিশে যাবে। তখন এগুলিকে লাগানো যেতে পারে সার তৈরির কাজে। সাগরমেলায় এইসব ক্যারিব্যাগ ও বাসনপত্রের ব্যবহার সফলভাবে করা হলে আরো বড়ো পরিকল্পনা করে এগুলোকে বাজারে ছাড়া হবে।