প্রথম পর্যায়ে মেট্রো চলবে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত
সুখবর! সব রকম প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে আগামী ডিসেম্বরেই। প্রথমে কয়েকটি স্টেশনে মেট্রো চালু করার পর ধীরে ধীরে অন্য স্টেশনগুলিতেও পরিষেবা শুরু হবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র চলে এসেছে। বড়োদিনের আগেই সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক যুবভারতী স্টেডিয়াম – এই ছ’টি স্টেশনে মেট্রো চলাচল শুরু করবে। কলকাতা মেট্রোর সময় অনুযায়ী দেওয়া হবে পরিষেবা। ভাড়াও একই রকম থাকবে।
পুজোর আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু করার পরিকল্পনা ছিল মেট্রোকর্তাদের। বৌবাজারে বিপর্যয় ঘটার কারণে তখন এই পরিষেবা শুরু করা যায়নি। শীতকালে অবশেষে সল্টলেকে মেট্রো চলাচল শুরু হবে।