অপেক্ষা শেষ, জুলাই থেকে শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রো

প্রথম পর্যায়ে মেট্রো চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত

জুলাই মাস থেকেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রথম পর্যায়ে এই মেট্রো চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছ’টি স্টেশনে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম। রেক, রেললাইন এবং সিগন্যালিং ব্যবস্থা সবকিছুই প্রস্তুত হয়ে গেছে। 

জানা গেছে, প্রথম দিকে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। ট্রেনের সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা। সবক’টি রেকই শীতাতপনিয়ন্ত্রিত। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। দু’দিক থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। মেট্রোয় আত্মহত্যার প্রবণতা ক্রমশ বাড়ছে। তা আটকাতে ইস্ট–ওয়েস্ট মেট্রোর প্ল্যাটফর্মে বসানো হয়েছে ‘স্ক্রিন ডোর’। যা ডিঙিয়ে কোনওভাবেই রেললাইনের কাছে পৌঁছতে পারবেন না কোনও যাত্রী বা অন্য কেউ। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পর একসঙ্গে ট্রেনের দরজা এবং স্ক্রিন ডোর খুলবে। দ্বিতীয় পর্যায়ে ট্রেন যাবে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত। যার কাজ এখনও চলছে। এই রুটের স্টেশনগুলির মধ্যে রয়েছে যথাক্রমে ফুলবাগান, শিয়ালদহ, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান। মহাকরণ থেকে হাওড়া স্টেশন যাওয়ার সময় ট্রেন গঙ্গার তলা দিয়ে যাত্রা করবে।‌‌‌

Developed by DXDasia