এই গাছের চাষ করে কৃষকরা বাড়তি রোজগারের সুযোগ পাচ্ছেন
রূপনারায়ণ নদীর ভাঙন রোধ করতে কেরল থেকে আনা নারকেলের চারা রোপণে জোর দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। অন্যান্য নারকেল গাছের চেয়ে এই গাছের চাষ বেশি সুবিধেজনক বলে তারা মনে করছেন।
কেরলের ডুয়ার্ফ নারকেল গাছের উচ্চতা খুব কম। তাই, খুব সহজেই এই ধরনের গাছগুলোয় ওঠা যায়। তাছাড়া, রোপণ করার ৩-৪ বছরের মধ্যেই এই গাছে ফল ধরতে থাকে। ছোটো ছোটো গাছগুলি রূপনারায়ণ এবং দিঘার উপকূলে সৌন্দর্যায়নেও কাজে লাগবে। এইসব কারণেই কয়েক বছর ধরে কেরলের ডুয়ার্ফ নারকেল গাছকে পূর্ব মেদিনীপুর প্রশাসন বেছে নিয়েছে।
আগামী বর্ষার আগেই ১ লক্ষের বেশি নারকেল গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন। তার জন্য ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে চাষিদের হাতে চারা তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই ১০ হাজার কেরলের নারকেল চারা রোপণ করা হয়েছে। কৃষকদের বাড়তি রোজগারের সুযোগ তৈরি করে দিয়েছে এই গাছের চাষ।