আশ্বিনে নয়, দুর্গাপুজো হবে কার্তিক মাসে
এবারের মতো শেষ হল দুর্গাপুজো। তারই সঙ্গে আবার দেবীর আগমনের প্রতীক্ষা শুরু। তবে আগামী বছর শরৎকালে মা দুর্গার বোধন হবে না। পুজোর জন্য অপেক্ষা করতে হবে হেমন্তকাল পর্যন্ত। ২০২০ সাল অর্থাৎ ১৪২৭ বঙ্গাব্দে মহালয়া পড়ছে ১৭ সেপ্টেম্বর বা ১ আশ্বিন। তার ৩৫ দিন পরে ২২ অক্টোবর, ৬ কার্তিক দেবীর বোধন। সেদিনই পড়ছে মহাষষ্ঠীর নির্ঘণ্ট।
নজিরবিহীন এই নির্ঘণ্টের জন্য দায়ী মল মাসের হিসেব। আগামী বছরের আশ্বিনে পর পর দু’দিন অমাবস্যা পড়েছে। একই মাসে দু’টি অমাবস্যা পড়লে তাকে মল মাস বিবেচনা করা হয়। গুপ্ত প্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তাই পুজো পিছিয়ে চলে গেছে কার্তিক মাসে। ২০০১ সালেও দুর্গাপুজো পিছিয়ে গিয়েছিল। আগামী বছর লক্ষ্মীপুজো এবং দীপাবলিও পরে হবে। তবে কার্তিক পুজো, চড়ক, মকর সংক্রান্তি ইত্যাদির তিথি বদলাচ্ছে না।