পরিচ্ছন্নতায় দেশের শীর্ষে দমদম বিমানবন্দর – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

পরিচ্ছন্নতায় দেশের শীর্ষে দমদম বিমানবন্দর

পরিচ্ছন্ন এবং নিরাপদ বিমানবন্দর হিসেবে দেশের সেরা সরকারি বিমানবন্দরের স্বীকৃতি পেল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক প্রকাশ করেছে ‘স্বচ্ছতা পুরস্কার ২০১৯’-এর তালিকা। সেখানে দেখা যাচ্ছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পরিচালিত বিমানবন্দরগুলির মধ্যে প্রথম স্থানে আছে দমদম বিমানবন্দর। অর্থাৎ, বাংলার মুকুটে যোগ হল সাফল্যের এক নতুন পালক। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই এবং জয়পুর বিমানবন্দর। পরিষ্কার-পরিচ্ছন্ন টার্মিনাল এবং শৌচালয়ের জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এই পুরস্কার লাভ করল।

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং রবীন্দ্রনাথের চিঠি – অভিনব প্রদর্শনী ভিক্টোরিয়ায়

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে ইংরেজদের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেছিলেন। কবিগুরু এখানেই থেমে থাকেননি। নারকীয় এই ঘটনার বিচার চেয়ে হাজির হয়েছিলেন লন্ডনে। চিঠি পাঠিয়েছিলেন নানা মহলে। রবীন্দ্রনাথের এই ঐতিহাসিক চিঠিগুলিই একটি প্রদর্শনীর আকারে এবার দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে – ‘ওয়েজ অব রিমেমবারিং জালিয়ানওয়ালাবাগ অ্যান্ড টেগর্স রেসপন্স টু দি ম্যাসাকর’। অডিও-ভিস্যুয়ালের সাহায্যে এই প্রদর্শনীটি নির্মিত হবে। ব্রিটিশ লাইব্রেরি, দিল্লির ন্যাশনাল আর্কাইভ এবং শান্তিনিকেতনে থাকা রবীন্দ্রনাথের দুষ্প্রাপ্য চিঠি সংগ্রহ করে আনা হয়েছে। এই প্রদর্শনী যদি আগামীদিনে অন্য কোনও সংস্থা আয়োজন করতে চায়, তাহলে তাদের সহযোগিতা করতে প্রস্তুত এই গবেষকদল। প্রদর্শনী শুরু হবে আগামী ২ মার্চ থেকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

দমদম সংশোধনাগারের কর্মীরা তৈরি করছেন গানের ব্যান্ড

সংশোধনাগারের কর্মীরা বন্দিদশার মধ্যে থেকে মুক্তির আলো খুঁজতে চেয়েছেন বারবার। বারবার হেডলাইনে উঠে এসেছে এরকম বহু সংশোধনাগারের চিত্র। এবার গান-বাজনার জন্য দমদম সংশোধনাগারের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলা ও পুরুষ আবাসিকদের ভেতর থেকেই বেছে নেওয়া হবে তাঁদের। তৈরি করা হবে গানের ব্যান্ড। রাজ্য কারা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগেও এরকম একটি ব্যান্ড ছিল। কিন্তু সেটি এই মুহূর্তে আর চালু নেই। আবাসিকদের মধ্যে অনেক গুণী আছেন যাঁরা গান এবং বাজনাতে খুবই দক্ষ। তাঁদের এই ক্ষমতা যাতে সকলের সামনে তুলে ধরতে পারেন, সেকথা মাথায় রেখেই নতুন করে একটি ব্যান্ড তৈরির কথা ভাবা হয়েছে। অন্যান্য সাংস্কৃতিক কাজেও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিজেদের ভুলভ্রান্তি সংশোধিত করে সমাজের মূলস্রোতে তাঁরা যেন আবার ফিরে আসতে পারে, এই ভাবনার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ।

স্কুল পড়ুয়াদের মধ্যে সমতায় সারা দেশে নজির গড়ল বাংলা

দেশের কোনো কোনো প্রান্তে এখনও স্কুলে পড়তে গিয়ে বৈষম্যের শিকার হয় ছেলেমেয়েরা। পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু মোটেও তা নয়। পড়ুয়াদের সমানাধিকারে সারা দেশে এগিয়ে রয়েছে আমাদের রাজ্য। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্স বা পিজিআই-তে উঠে এসেছে, স্কুলে ছাত্রছাত্রীদের সুযোগের সুষম বণ্টন বা ইকুইটির নিরিখে সারা দেশের শীর্ষে রয়েছে দিল্লি। তারপরেই দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। গুজরাট রয়েছে তিন নম্বরে। গত দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি সমীক্ষার তথ্য একত্রিত করে স্কুলশিক্ষার প্রশ্নে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই র্যাং ক দিচ্ছে। এই তালিকায় পশ্চিমবঙ্গ দিল্লির থেকে পিছিয়ে থাকলেও অনেক শিক্ষাবিদই বলছেন, পশ্চিমবঙ্গের আয়তন, জনসংখ্যা, বৈচিত্র্য দিল্লির থেকে এত বেশি যে দুই রাজ্যের তুলনা করা সমীচীন নয়।
Developed by DXDasia