
থাকছে পর্যটকদের মনোরঞ্জনে হরেক আয়োজন
শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে জঙ্গল হারিয়ে যেতে চলেছিল জবরদখলকারীদের দৌরাত্ম্যে। এবার সেই দখলদারদের কাজে লাগিয়েই জঙ্গল সংরক্ষণের উদ্যোগ নিল বন দপ্তর। পরিবেশ বাঁচিয়ে গড়ে উঠল এক বিকল্প পর্যটন কেন্দ্র।
ফাঁসিদেওয়ার ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের দুলালিজোত এলাকায় খানিকটা বনাঞ্চল উদ্ধার করে একটি ইকো পার্ক তৈরি করেছে বন দপ্তরের সামাজিক বনসৃজন বিভাগ। নাম দেওয়া হয়েছে দুলালি ইকো পার্ক। পর্যটকদের জন্য সেখানে রয়েছে বিনোদনের নানান বন্দোবস্ত। থাকছে বসার জায়গা, ক্যাফেটেরিয়া। প্রাকৃতিক উপায়ে তৈরি এক জলাধারও আছে, যেখানে নেমে ভ্রমণার্থীরা আনন্দ উপভোগ করতে পারবেন।
তবে, পরিবেশের যাতে ক্ষতি না হয়, তার দিকেও নজর রাখছে বনদপ্তর। দুলালি ইকো পার্কে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। শনিবার এই পার্কের উদ্বোধন হল। অনুষ্ঠানে হাজির ছিলেন বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সহ আরও অনেকে।
