
ড্রোনের সাহায্যে আগুন আয়ত্তে আনার কাজ অনেকটা সহজ হবে দমকল বাহিনীর
এবার আগুনের উৎস খোঁজার জন্য ব্যবহার করা হবে ড্রোন। এমনই পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকারের দমকল দপ্তর। কোথাও আগুন লাগার পর সেখানে কেউ আটকে পড়লে সেই খবরও দেবে ড্রোন।
ড্রোনের সাহায্যে আগুন আয়ত্তে আনার কাজ অনেকটা সহজ হবে দমকল বাহিনীর। ক্যামেরা যুক্ত স্বয়ংক্রিয় এই যন্ত্র ট্র্যাফিক জ্যামে তো আটকাবেই না, এমনকি বহুতল বাড়ির ওপর পৌঁছে যেতেও কোনও সমস্যা হবে না ওগুলির। সাধারণত ঘিঞ্জি অঞ্চলে আগুনের উৎস খুঁজতে যে সমস্যা হয়, তারও সুরাহা হবে অনেকটাই। ড্রোনের মাধ্যমে দমকল কর্মীরা বুঝতে পারবেন, ক’টি দমকলের প্রয়োজন।
এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য শীঘ্রই একটি বৈঠকে বসতে চলেছেন দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। ড্রোনের প্রকৃতি ও ক্যামেরা সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হবে সেই বৈঠকে।
