কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ড্রোনের নজরদারি

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ওয়াই ফাই

রবিবার গভীর রাতে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি শুরু হয়েছে। থাকবে সোমবার মাঝরাত পর্যন্ত। তারাপীঠে বছরের সবথেকে বেশি পুণ্যার্থী সমাগম হয় ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায়। জেলা পুলিসের কর্তারা নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় সামলানোর আয়োজনের প্রস্তুতির জন্য গত কয়েক দিনে দফায় দফায় বৈঠক করেছেন। তাঁরা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী আসেন। তাই নিরাপত্তা আঁটোসাঁটো করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারই প্রথম মন্দির ও শ্মশান চত্বরে ড্রোন উড়িয়ে নজরদারি চালাবে পুলিস। থাকছে রাস্তার মোড়, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে সিসিটিভি ক্যামেরা। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তারাপীঠ জুড়ে।

তারাপীঠের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভালভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় মেরামতির কাজ করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মন্দির ও শ্মশান এলাকায় কয়েকটি মেডিক্যাল ক্যাম্প করা হচ্ছে।  কোনও পুণ্যার্থী কোনওরকম বিপদ বা সমস্যায় পড়লে পুলিসের সাহায্য চাওয়ার হেল্পলাইন নম্বর: ৮০০১৫৮৮৮৩১। মন্দির ও শ্মশান–সহ তারাপীঠের কিছু অংশে এবারই প্রথম ওয়াই–ফাই সুবিধার ব্যাবস্থা করা হয়েছে।

তারাপীঠ মন্দিরের সেবাইত সমিতির সভাপতি তারাময় চ্যাটার্জি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রবিবার রাত ১টা ৫২ মিনিট থেকে সোমবার রাত ১২টা ১১ মিনিট পর্যন্ত এবার কৌশিকী অমাবস্যা তিথি থাকবে।

Developed by DXDasia