এই অ্যাপ থেকে তথ্য ফাঁসের কোনও আশঙ্কা নেই
বিদেশী ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলিকে টক্কর দিয়ে এবার হাজির দেশীয় অ্যাপ ‘দৃষ্টি’। এমনই বিকল্প মোবাইল অ্যাপ বানিয়ে ফেলল বাংলার এক তরুণ।
ভারত-চিন উত্তেজনায় কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে। লকডাউন চলাকালীন গৃহবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সের কাজে জুম ব্যবহার করছিলেন অনেকেই। কিন্তু তথ্য ফাঁসের আশঙ্কায় এই অ্যাপ নিয়ে সতর্ক করে কেন্দ্রীয় সরকার। ঘাটালের রাধানগরের বাসিন্দা অর্ণব মোদকের তখন মাথায় আসে বিকল্প দেশীয় অ্যাপ তৈরির পরিকল্পনা। এই বছর ঘাটালের জলসরা রামকৃষ্ণ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। সফটওয়্যার এবং অ্যাপের প্রতি অর্ণবের আকর্ষণ বরাবরই। তার বাবা হারাধন মোদক স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
অক্লান্ত পরিশ্রম করে অর্ণব বানিয়ে ফেলেছে ‘দৃষ্টি’ নামের অ্যাপটি। একসঙ্গে প্রায় ১০০ জনকে ভিডিও কল করা যায় এই অ্যাপের মাধ্যমে। যতক্ষণ ইচ্ছে কথোপকথন চালানো যায়। তথ্য ফাঁসের কোনো আশঙ্কা নেই। ব্যবহার করতে লাগবে না কোনও পয়সা। মোবাইল অ্যাপের রেটিং সংস্থা ইন্টারন্যাশন্যাল এজ রেটিং কোয়ালিশন ৩.৫ রেটিং দিয়েছে অ্যাপটিকে। ইতিমধ্যে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ।