এই শীতেই হুড খোলা দোতলা বাস চলবে মহানগরে

রাজ্য পরিবহন নিগমের উদ্যোগ

কলকাতার রাস্তায় আবার ফিরে আসছে ডবল ডেকার বাস। কল্লোলিনীর প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্যবাসীও দোতলা বাসে চেপে কলকাতা ভ্রমণ করতে পারবেন।

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বছর জানিয়েছিলেন, লন্ডনের আদলে কলকাতায় চালু হবে ডবল ডেকার বাস। তখনকার পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে এই ব্যাপারে বিস্তারিত জেনে আসেন। এই শীতকালেই প্রাথমিকভাবে ২টি হুড খোলা দোতলা বাস কলকাতার রাস্তায় নামবে। তারপর চালু হবে আরও ২টি এরকম বাস।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই এই জয় রাইডিং-এর জন্য এই বাসগুলি চালাবে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। আগামী শীতে নস্টালজিয়া এবং সমকালীনতার মেলবন্ধনে কলকাতার নাগরিক জীবনে এক নতুন স্বাদ আসতে চলেছে।  

Developed by DXDasia