রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ
কোন ওষুধ কখন খাওয়া হবে, কোন টেস্ট করাতে হবে, তার নির্দেশিকা সাধারণত ইংরেজিতেই লেখা থাকে প্রেসক্রিপশনে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বোধ্য হাতের লেখার জন্য তা পড়তে গিয়ে ভোগান্তির শিকার হন রোগী ও তাঁর পরিজনেরা। সেই সমস্যার থেকে মুক্তি দিতে নতুন ধরনের ই-প্রেসক্রিপশন নিয়ে এল রাজ্য সরকার, যেখানে বাংলাতেই লেখা থাকছে ওষুধের ডোজ।
সাধারণ প্রেসক্রিপশনে ‘ওডি’, ‘বিডি’, ‘টিডিসি’, ‘এসি’-র মতো সংকেত লেখা থাকে, যার অর্থ বেশিরভাগ মানুষই জানেন না। নতুন এই প্রেসক্রিপশনে এই সব সংকেতের পাশে স্পষ্ট করে ‘খাওয়ার আগে’, ‘খাওয়ার পর’, ‘শোয়ার আগে’ ইত্যাদি নির্দেশ বাংলাতেই লেখা থাকছে। কত দিন কোন ওষুধ খেতে হবে, বলা থাকছে তাও।
মাসখানেক আগেই বিধাননগর মহকুমা হাসপাতালে বাংলায় ডোজ লেখা এই নতুন ই-প্রেসক্রিপশন চালু হয়েছে। ধীরে ধীরে সারা রাজ্যেই শুরু হবে এরকম বন্দোবস্ত।