
ফুসফুস থেকে নিরাপদে বের করে আনলেন প্লাস্টিকের টুকরো
বছর তিনেক আগে ঘাটালের দাসপুরে রোহিত দোলুই নামের এক বাচ্চা ছেলে অসাবধানে প্লাস্টিকের একটা টুকরো গিলে ফেলেছিল। তখন এতে কোনো সমস্যা দেখা দেয়নি। কয়েকমাস পর তীব্র শ্বাসকষ্ট হতে থাকে তার। তখন অনেক ডাক্তারকেই দেখানো হল, কিন্তু, রোগটাই যে কী, সেটাই ধরতে পারলেন না কেউ, সারিয়ে তোলা তো দূরের কথা।
অবশেষে রোহিতকে নিয়ে ওর বাবা-মা হাজির হন এসএসকেএম হাসপাতালে। সেখানে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি পরীক্ষা করে জানা যায়, ছেলেটির ডান ফুসফুসে আটকে রয়েছে একটা প্লাস্টিকের টুকরো। এর ফলে তার ডান ফুসফুসটি প্রায় অকেজো হয়ে গেছে। রোহিতের ছোটোভাই এই প্লাস্টিক গিলে ফেলার ঘটনাটি জানত, বাবা-মার গোচরেও এনেছিল সে। কিন্তু তাদের বাবা-মা আগে ব্যাপারটাকে গুরুত্ব দেননি।
এসএসকেএমের ইএনটি বিভাগের চিকিৎসকরা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর সময় নষ্ট করেননি আর। গত রবিবারে শল্যচিকিৎসকদের এক বিশেষ টিম রোহিতের ফুসফুসে অস্ত্রোপচার করে বের করে আনেন সেই প্লাস্টিকের টুকরো। বিরল এই অস্ত্রোপচারের ফলে প্রাণে বেঁচে যায় ছেলেটি। এখন সে বিপদমুক্ত।
