মোহিত মৈত্র মঞ্চে হয়ে গেল ইন্দ্ররঙ্গ মহোৎসব
জেলার বাছাই করা নাটকের সম্ভার নিয়ে কলকাতার মোহিত মৈত্র মঞ্চে হয়ে গেল ইন্দ্ররঙ্গ মহোৎসব। শনিবার রাজারহাটের এক অভিজাত হোটেলে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথম ও দ্বিতীয় বছর এই নাট্যোৎসবে রাজ্য ও দেশের নামী নাট্যগুলির নাটক দেখার সুযোগ পেয়েছিলেন দর্শকরা। এবার তৃতীয় বছরে জেলার বাছাই করা ৭০টি নাটকের সম্ভার নিয়ে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল।
১৬ জন বিচারক ৭০টি দলের মধ্যে থেকে বেছে নেন সেরা ১০টি দলকে। ৩-৭ নভেম্বর সেই নাটকগুলিই কলকাতার মোহিত মৈত্র মঞ্চে দেখার সুযোগ পান দর্শকরা। ১২টি বিভাগে দেওয়া হয় পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, গৌতম হালদার, ব্রাত্য বসু প্রমুখ। ব্রাত্য বসু শনিবার সাংবাদিকদের বলেন, “পশ্চিমবঙ্গের থিয়েটারে বিভিন্ন জেলায় যে পরেশ রাওয়াল, নাসিরুদ্দিন শাহ্রা আছেন, তাঁদের আমরা কলকাতায় নিয়ে আসি। সেটা ভেবেই এই উৎসবের আয়োজন। মোট পুরস্কার মূল্য চার লক্ষ পঁচাশি হাজার টাকা। সেদিন অনুষ্ঠানে নাটকের গান পরিবেশন করেন অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ আচার্য।