মোজার দুর্গন্ধে ডাকতে হল পুলিশ
মোজার তীব্র দুর্গন্ধের কারণে অন্য সহযাত্রীরা খেপে যাওয়ায় দিল্লিগামী একটি বাস থেকে প্রকাশ কুমার নামে এক জনকে শেষ পর্যন্ত গ্রেফতার করল পুলিশ। বাসের মধ্যে তিনি আরাম করে বসবেন বলে জুতো, মোজা খুলে সিটের উপর বাবু হয়ে বসে ছিলেন। তাতেই এই বিপত্তি। দুর্গন্ধ যে তাঁর মোজা থেকেই আসছে এই কথা প্রকাশ কুমার কিছুতেই মানতে রাজি না হলে বাসে ভয়ানক ঝগড়া বেধে যায়। বাসের সব যাত্রী একদিকে আর জুতো মোজা খোলা প্রকাশ কুমার আর এক দিকে। ঝগড়া এমন জায়গায় পৌঁছায় যে অবস্থা সামাল দিতে পুলিশ ডাকা হয়। পুলিশও প্রকাশ কুমারের সামনে গিয়ে বুঝতে পারে ওখানে তখন গন্ধে টেকা দায়। পুলিশ তখন প্রকাশ কুমারকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, তারা ২৭ বছর বয়সী ওই ব্যক্তি প্রকাশ কুমারের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছে। তার বিরুদ্ধে, পাবলিক নুইসেন্স বা 'জনগণের মধ্যে অসুবিধা' ঘটানোর অভিযোগ আনা হয়েছে। রাজধানী দিল্লিগামী একটি বাসে প্রকাশ কুমারেরে মোজার দুর্গন্ধ এতটাই তীব্র ছিলো যে অন্যান্য যাত্রীরা প্রথমে তাকে তার মোজা জোড়াকে ব্যাগের ভেতরে কাপড়ের নীচে চাপা দিতে বলে। প্রকাশ রাজি না হলে তারা বলে জানলা দিয়ে বাসের বাইরে ছুঁড়ে ফেলতে মোজা জোড়াকে। কিন্তু প্রকাশ কুমার তার প্রিয় মোজা হাতছাড়া করতে নারাজ। ফলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়।তখন যাত্রীরা বাসের চালককে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের একটি পুলিশ স্টেশনে বাসটিকে নিয়ে যেতে বাধ্য করেন।ওই পুলিশ স্টেশনেই মোজার মালিকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়। কিন্তু প্রকাশ কুমার হিন্দুস্তান টাইমস সংবাদপত্রকে বলেছেন, তার মোজা থেকে কোন দুর্গন্ধ বের হচ্ছিলো না। তিনি জানান, যাত্রীরা কোন কারণ ছাড়াই তার সাথে তর্ক করছিলো। সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুলিশ জানিয়েছে যে প্রকাশ কুমারকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। প্রকাশ কুমারও পুলিশকে কথা দিয়েছে বাড়ি গিয়ে ওই মোজা জোড়া কেচে তার পরই আবার পরবেন।