
১৬ তারিখ সামিট করার পরে বিধ্বস্ত ছিলেন দীপঙ্কর ও তাঁর সহযাত্রী শেরপা
অপেক্ষার প্রহর অবশেষে শেষ হল। বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষকে মৃত বলে ঘোষণা করা হল। বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু (৮৪৬৩ মিটার) অভিযানে গিয়েই এই বিপত্তি। জানা গেছে, প্রায় ৮০০০ মিটার উচ্চতা অতিক্রম করেছিলেন তিনি। শুক্রবার সকাল সাতটা নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দফতরের পর্বতারোহণ শাখার (ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন) উপদেষ্টা বলেন, সাত শেরপার উদ্ধারকারী দলটি দীপঙ্কর ঘোষের দেহ উদ্ধার করে ক্যাম্প ফোরের কাছে। প্রয়াত দীপঙ্করবাবুর দেহ নামিয়ে আনা হয় বেসক্যাম্পে। সেখান থেকে হেলিকপ্টারে কাঠমাণ্ডু আনা হবে তাঁর দেহটি।
সূত্রের খবর, ১৬ তারিখ সামিট করার পরে বিধ্বস্ত ছিলেন দীপঙ্কর ও তাঁর সহযাত্রী শেরপা। তাঁর নামার গতিও স্বাভাবিকের চেয়ে খানিকটা ধীর হয়ে গিয়েছিল বলেই জানা গিয়েছে অন্য শেরপাদের মুখে। সেই কারণেই হয়তো ক্যাম্প ফোরে পৌঁছনোর পথে অনেক দেরি করে ফেলেন তাঁরা। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়াও খারাপ হওয়ায় এই বিপত্তি ঘটে বলে অনুমান। আচমকা তুষারধ্বসের মুখোমুখি হতে হয় তাঁকে। ৫২ বছর বয়সী দীপঙ্কর ঘোষের জন্য যে অপেক্ষা ছিল তামাম বঙ্গবাসীর, শেষমেশ তা ফুরোল।
