দিনের শেষে গোরুর দেশে

এই দলটার আসলে মাথা নিয়ে একটা সমস্যা আছে। গোসন্তানদের মাথায় চোখ কান যতই বড় বড় হোক, বুদ্ধি টুদ্ধি কতটা থাকে গোরুর মাথায়, তা নিয়ে তো সংশয় আছেই

শেষ পর্যন্ত কলকাতা হেরেই গেল আলিগড়ের কাছে। এ রাজ্যের গোরুপন্থী বিধায়ক বলেছিলেন কাদের কাদের যেন তিনি লাথি মেরে পাকিস্তানে পাঠাবেন। তার রেশ না কাটতেই, আলিগড়ের বিজেপি নেতা যোগেশ ভার্সনে ফতোয়া দিয়েছেন, মমতার মাথা এনে দিলে তিনি ১১ লাখ টাকা ইনাম দেবেন। খবর ছড়িয়ে পড়তেই হই হই পড়ে যায় দেশ জুড়ে। এই দলটার আসলে মাথা নিয়ে একটা সমস্যা আছে। প্রথমত তাদের গোরু নিয়ে মাতামাতি। গোসন্তানদের মাথায় চোখ কান যতই বড় বড় হোক, বাকি সব, মানে বুদ্ধি টুদ্ধি কতটা থাকে গোরুর মাথায়, তা নিয়ে তো সংশয় আছেই। দলের এক নেতা বলল, তারা ক্ষমতায় এলে নাকি বাংলা আকাদেমির মতো কলকাতায় হাম্বা অ্যাকাডেমি খুলবে। সেখানেই নাকি মাতৃভাষার প্রকৃত চর্চা শুরু হবে। সেই নেতা বলল, শুধু হাম্বা ভাষা কেন, সেকেন্ড ল্যানগুয়েজ হিসেবে তখন ‘কিচ কিচ’ ভাষা নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। এই বলে মুচকি হেসে আঙুল দিয়ে পার্টি অফিসের কোনের দিকে বসে থাকা দু’জনকে দেখিয়ে সেই নেতা বলল, ওই যে ওখানে ওরা হনুভাষায় বাতচিত করছে। কানে এল এক জন বলল, ‘কিচ কিচ কিচু, হিন্দুরাই উঁচু’। তা শুনে দ্বিতীয় জন হেসে উত্তর দিল, ‘কিচুম কিচুম কিচ, বাকিরা সব নীচ’। সেই নেতা বলল, আমাদের এখন কী নিয়ে গবেষণা চলছে জানেন? আমি বললাম, কই না তো! নেতা হেসে বলল, বহু বছর আগে কিছু পাকিস্তানপন্থী বানর দেশীয় বানরদের সঙ্গ ছেড়ে লেজ খসিয়ে গাছের ছাল পরে মানুষ হওয়ার দিকে এগিয়ে গিয়েছিল। সেটা ছিল এক ঐতিহাসিক ভুল। আমরা আবার লেজ ফিরিয়ে আনতে চাই মানুষের শরীরে। সেটা নিয়ে এখন আমাদের জোর গবেষণা চলছে। কিন্তু যারা লেজ চায় না তাদের কী হবে? তাদের আমরা দেশ বিরোধী মনে করি। আমাদের স্লোগান হল, গোরু আমাদের ভিত্তি, বানর আমাদের ভবিষ্যৎ। আমি ভয়ে ভয়ে বললাম, মানুষের লেজ ফিরে এলে দেখতে কি ভালো লাগবে? নেতা হেসে বলল, কেন কেন! ভালো লাগবে না কেন? খোঁপায় যেমন ফুল গোঁজে, তেমনই লেজে ফুল গুঁজে ঘুরে বেড়াবে মানুষ। তবে গাড়িতে লেগ স্পেসের মতো তখন পেছনে লেজ-স্পেস রাখতে হবে। এই সব ডিজাইন একটু আধটু বদলাতে হবে। এই আর কী! এই বলে নেতা টেবিল বাজিয়ে গুন গুন করে গান ধরলেন, দিনের শেষে গোরুর দেশে ঘোমটা-পরা ওই ছায়া…। আমি মিন মিন করে বললাম, ওটা ঘুমের দেশে হবে না? নেতা আমার পিঠ চাপড়ে বললেন, চিন্তা করবেন না, আমরা ক্ষমতায় এলে ওটার জাতীয়তাবাদী কারেকশন করে নেব।

Developed by DXDasia